মেসির সঙ্গে আর বিরোধ চান না বার্তোমেউ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৭ এএম

বার্সেলোনার বিতর্কিত প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ বলছেন, মেসির সঙ্গে আর কোনো বিরোধ চান না তিনি। মেসি বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলে তিনি পদত্যাগ করবেন বলে শোনা গেলেও, এখন তিনি বলছেন পদ ছাড়ার কোনো চিন্তা নেই তার।

এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘আমি প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে (মেসি) আর কোনো দ্বন্দ্বে জড়াতে চাই না। সে আমাদের অধিনায়ক এবং নেতা। যা হওয়ার তা হয়ে গেছে। তবে বিশ্বের সেরা খেলোয়াড়কে আমি কখনোই যেতে দিতে পারি না। এই ক্লাবের তাকে প্রয়োজন। সে থাকা মানে সাফল্যের নিশ্চয়তা।’ বার্তোমেউ আশা করেন মেসি বার্সাতে খেলেই অবসর নেবেন, ‘মেসি এখনো যে আমাদের সঙ্গে আছে সে জন্য তাকে আমাদের অভিনন্দন জানানো প্রয়োজন। সে কোম্যানের কাজে মুগ্ধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেসি বার্সার জন্য খেলে। আমরা চাইব মেসি যেন বার্সাতেই অবসর নেয়।’

মেসি ইস্যুতে অনেকেই চান না বার্তোমেউ থাকুক প্রেসিডেন্ট পদে।  বার্সার গঠনতন্ত্র অনুযায়ী অনাস্থা ভোটের জন্য দরকার ১৬ হাজার ৫২০ নিবন্ধিত সমর্থকের স্বাক্ষর। জমা পড়েছে ২০ হাজার ৮৮৭ জনেরও বেশি স্বাক্ষর। তিন ভাগের দুভাগ ভোট বার্তোমেউয়ের বিরুদ্ধে গেলে তাকে পদত্যাগ করতে হবে। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে কেউ পদত্যাগের কথা ভাবছে না। ক্লাবও থেমে থাকবে না। এত সই জমা পড়ায় ক্লাব বিস্মিত। তবে আমরা গঠনতন্ত্র ও ক্লাবের নিয়মকে শ্রদ্ধা করি।’ আগামী মার্চে হবে বার্সেলোনা ক্লাবের নির্বাচন। তার আগেই বার্তোমেউকে পদ ছাড়তে হয় কিনা সেটিই হবে দেখার বিষয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত