ঢাকা ও চট্টগ্রাম ওয়াসা

বর্তমান এমডিদের পুনর্নিয়োগ না দেওয়ার দাবি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০২:২৬ এএম

ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান ও একেএম ফজলুল্লাহকে ‘বিতর্কিত ও দুর্নীতির সঙ্গে জড়িত’ উল্লেখ করে তাদের পুনর্নিয়োগ না দেওয়ার আহ্বান জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোনো প্রকার সার্চ কমিটি না করে ও নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ না করে এক ব্যক্তিকে বারবার নিয়োগ দিয়ে সরকারি ক্রয়নীতিকে উপেক্ষা করা হয়েছে। আর ওয়াসা পরিচালনা পর্ষদ কোন যুক্তিতে এক ব্যক্তিকে বারবার নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা ছিল না। ফলে ঢাকা ও চট্টগ্রাম ওয়াসা বোর্ডের কাজ অনেকটাই ব্যবস্থাপনা পরিচালকের রাবার স্টাম্প হিসেবে কাজ করছে। তাই দুই ব্যবস্থাপনা পরিচালকের প্রশ্নবিদ্ধ পুনর্নিয়োগ না দিয়ে নতুন যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করার জন্য সার্চ কমিটি ও বিজ্ঞাপন প্রদান করে সরকারি ক্রয় ও নিয়োগ-নীতিমালা যথাযথভাবে অনুসরণের দাবি জানিয়েছেন ক্যাব নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত