সাংগঠনিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত বিএনপির

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০২:৪০ এএম

করোনা পরিস্থিতিতে বিশ^ স্বাস্থ্য সংস্থা ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে দলের সাংগঠনিক কর্মকা- পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। গত শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২৫ মার্চ করোনাভাইরাসের কারণে দলের সাংগঠনিক ও পুনর্গঠন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। এরপর কয়েক দফায় তা বাড়ানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় পেঁয়াজসহ অন্যান্য খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সরকার পেঁয়াজ আমদানি ও সরবরাহ নিশ্চিত করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে পেঁয়াজসহ অন্যান্য খাদ্যপণ্যের মূল্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং দেশে পেঁয়াজসহ অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় প্রণোদনা প্রদানের দাবি জানানো হয়।

এতে আরও জানানো হয়, কভিড-১৯ করোনাভাইরাসের ভ্যাকসিন যা কয়েকটি দেশে এবং কোম্পানি উদ্ভাবনের দাবি করছে সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের পরে দলীয় অবস্থান নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং একই সঙ্গে বিশ^ স্বাস্থ্য কর্তৃক অনুমোদিত ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে জনগণকে যথাসময়ে বিনা মূল্যে সরবরাহ করার যে দাবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ঢাকা ও সিরাজগঞ্জ দুটি আসনের উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত তফসিল ঘোষণা না করা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা ইউনিটগুলোর সুপারিশকৃত প্রার্থীদের মনোনয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাসচিবকে দায়িত্ব অর্পণ করা হয়। এ ছাড়া সভায় পুনরায় চতুর্থবারের মতো বন্যা দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং জাতীয় ত্রাণ কমিটিকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা বৃদ্ধি করার অনুরোধ করা হয়। পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভা মুলতবি ঘোষণা করেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ^র চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত