সাংবাদিকদের তথ্যমন্ত্রী

খালেদা জিয়াকে ফের জেলে পাঠানোর দাবি উঠতে পারে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০২:৪১ এএম

জনগণের পক্ষ থেকে বেগম জিয়াকে আবার কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘তার (বেগম জিয়ার) প্রতি প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন তার পরিপ্রেক্ষিতে বিএনপি নেতাদের কথাবার্তায় মনে হয়, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বেগম জিয়া কারাগারে থাকলেই ভালো হতো।’ গতকাল রবিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে হাস্যকর মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সিআরপিসিতে (দ-বিধি) উল্লিখিত তার ক্ষমতাবলে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে প্রথমে ছয় মাস মুক্তি দিয়েছেন, পরে আরও ছয় মাস সেটি বর্ধিত করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উচিত ছিল এই মহানুভবতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা জানানো। কারণ তিনি শাস্তিপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি, তার তো কারাগারের ভেতরেই থাকার কথা ছিল, তিনি আদালত থেকে জামিন পাননি। কিন্তু তার পরিবর্তে তারা যেভাবে কথাবার্তা বলছেন, এতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, এটি না দেখালেই ভালো হতো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘মাওলানা আহমদ শফীর জন্ম আমার নির্বাচনী এলাকার নিজের উপজেলায় এবং আমার পাশর্^বর্তী ইউনিয়নে। তিনি আলেমদের মধ্যে এবং ওই অঞ্চলে কী পরিমাণ জনপ্রিয় ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন, সেটি তার জানাজা  থেকে বোঝা যায়। হাটহাজারী মাদ্রাসার বিশৃঙ্খলা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিষয়। কিন্তু সেটি যে মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালকের ওপর মানসিক চাপ তৈরি করে থাকবে, সেটিই স্বাভাবিক।’

সিনেমা হল খোলার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সিনেমা হলগুলো খুলে দেওয়ার জন্য হলের মালিক, পরিচালক, প্রযোজকদের পক্ষ থেকে দাবি আছে। তাদের সঙ্গে এ মাসের শুরুতে আমি বসেছিলাম। ১৫ তারিখের পরে বৈঠক করে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। খুব শিগগির তাদের সঙ্গে বসে পরিস্থিতি পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত