যোগ্য কর্মীরাই একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়। তারা হন একই সঙ্গে পরিশ্রমী, নিষ্ঠাবান ও মেধাবী। কিন্তু অনেক সময় দেখা যায়, এক অফিসে বেশি দিন থাকেন না তারা। কেন এমনটি করেন তারা, আসুন এর কয়েকটি কারণ জেনে নিই।
নিয়মের বেড়াজাল
সব প্রতিষ্ঠানেরই কিছু না কিছু নিয়ম থাকে যা কর্মীদের অবশ্যই মেনে চলতে হয়। কিন্তু অনেক কোম্পানি কর্মীদের নিয়মের ঘেরাটোপে বেঁধে ফেলতে চায়। অতিরিক্ত নিয়মের চাপ কর্মীদের জন্য দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করে। তখন সেখানে আর থাকতে চান না কর্মীরা।
যোগ্য সম্মান
সময় সচেতন, নিষ্ঠাবান, পরিশ্রমী ও মেধাবী হয়েও প্রতিষ্ঠানে কাজের প্রাপ্য সম্মানও পান না অনেক কর্মী। অনেক সময় কম যোগ্যতার কর্মীকে অধিক মূল্যায়ন করা হয়। তখন মেধাবী কর্মী ওই প্রতিষ্ঠানে কাজ করার উৎসাহ হারিয়ে ফেলেন।
অযোগ্যদের কাজ
অফিসের অযোগ্য বা সাধারণ কর্মীরা দিনের পর দিন গড় মানের কাজ দিয়ে টিকে থাকে, যার ফলে বেশি চাপ এসে পড়ে যোগ্য কর্মীদের উপর। স্বাভাবিকভাবেই দিনের পর দিন অধিক কাজের চাপ তারা নিতে পারেন না।
অমানবিক আচরণ
অত্যধিক পেশাদারির কারণে অনেক প্রতিষ্ঠান কর্মীদের প্রতি মানবিক আচরণ করে না। অতিরিক্ত সময় কাজ করানো, ছুটির দিনেও বাড়িতে কাজ দেওয়া, ছুটি না দেওয়া এই সব কারণে ব্যক্তিগত জীবন ব্যাহত হলে কর্মীরা সেই চাকরি থেকে মুখ ফিরিয়ে নেয়।
প্যাশন
ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষী কর্মী কাজের প্রতি প্যাশনেট হয়। নতুন আইডিয়া থাকে তাদের মাথায়, নতুন কিছু করতে চায়। কিন্তু অনেক অফিসেই কর্মীদের প্যাশন, তাদের আইডিয়ার মূল্য দিতে চায় না। গৎবাঁধা কাজ আর টার্গেটে বেঁধে ফেলা হয় তাদের।
কাজের মজা
কোনো কাজে মন না বসলে সেটিকে বোঝা হয়ে দাঁড়ায় কর্মীদের জন্য। ভালো কাজের জন্য ছোট ছোট গিফট, অফিসে জিম, মোটিভেশন বা ফিটনেস সেশন কর্মীদের উৎসাহিত করে। শুধু কাজের চাপ থেকে মুক্তি পেতে অনেক ভালো কর্মী চাকরি ছেড়ে দেন।
