উপজেলা আওয়ামী লীগ সভাপতির ওপর হামলায় মামলা: বহিষ্কার হচ্ছেন নিক্সন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৩ পিএম

নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুজার রহমানের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আবুজার রহমানের পক্ষে সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সনকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।

ওই হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করে নিক্সনের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তিসহ আওয়ামী লীগ পরিবার থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানিয়েছে জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠন।

রবিবার রাত নয়টার দিকে রিকশাযোগে কবরস্থান মোড় সংলগ্ন নিজ বাড়িতে ফেরার পথে আলমগীরের মোড়ে আবুজার রহমানের ওপর অর্তকিতে হামলা চালান জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সাবেক সম্পাদক এবং সদর

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সন। এ সময় স্থানীয় লোকজন আবুজারকে রক্তাক্ত অবস্থায় নীলফামারী সদর জেনারেল হাসাপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে রাতেই জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা স্বাচিবের সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।

এদিকে ঘটনার পর পরই হামলাকারী নিক্সনকে গ্রেপ্তারে অভিযানে নামে সদর থানা পুলিশসহ জেলা পুলিশের একাধিক শাখা। দুই ঘন্টার প্রচেষ্টায় রাত ১১টার দিকে আলমগীরের মোড় থেকে নিক্সনকে গ্রেপ্তার করে পুলিশ।

নীলফামারী সদর থানা পুলিশের পরিদর্শক মো. আজমিরুজ্জামান বলেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুজার রহমানের ওপর হামলার ঘটনায় সোমবার দুপুরে নাহিদুল ইসলাম নিক্সনকে আসামী করে একটি মামলা দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।

গ্রেপ্তার হওয়া নিক্সনকে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপর দিকে হামলার ঘটনায় সোমবার বিকাল ৫টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ। 

জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আহসান রহীম মঞ্জিল, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ,জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, যুব মহিলা লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত