বর্তমানে বিশ্বের সেরা দুই ব্যাটসম্যানের তালিকা করলে বিরাট কোহলিকে রাখবেন যে কেউ। অনেকের কাছে তিনি এই সময়ের সেরা। যে কজন ব্যাটসম্যান তিন ফরম্যাটেই অবিশ্বাস্য ধারাবাহিক তাদের একজন ভারত অধিনায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) সর্বাধিক রানের মালিক তিনিই। কিন্তু এই কোহলির কাছেও আইপিএলে এক বোলার যেন বড় ধাঁধার নাম!
সেই বোলারটির নাম সন্দীপ শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের এই বোলারের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক সব মিলে আউট হয়েছেন ৬ বার। রেকর্ড চলছে আশিস নেহরা (৬বার) ছাড়া কোহলিকে এতবার ফেরাতে পারেননি কেউই।
সোমবার কোহলির দল এবারের আইপিএলে নিজেদের মিশন শুরু করেছে। সন্দ্বীপের হায়দরাবাদের বিপক্ষেই মাঠে নেমেছে কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরু। এই দুজনের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ছিল তাই সবাই। যদিও এবার আর সন্দীপ কাটা পড়েননি কোহলি।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৩ রান করেছিল বেঙ্গালুরু। তিন নম্বরে নেমে কোহলি ১৩ বলে ১৪ রান করেন। ১২তম ওভারের শুরুতে কোহলি উইকেটে আসেন।
কোহলিকে দেখেই কিনা ১৪তম ওভারে সন্দীপকে আক্রমে এনেছিলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কোহলি অবশ্য তাকে সামলেছেন ভালোভাবেই। পরে ১৬তম ওভারে থাংগারাসু নটরজনের শিকার হন।
২৭ বছর বয়সী সন্দ্বীপের মিডিয়াম পেস বরাবরই বিপদে ফেলেছে ব্যাটসম্যানদের। আইপিএলে তার সংগ্রহ ৯৫ উইকেট। আর পাঁচ উইকেট পেলেই তিনি ঢুকে পরবেন এক শ উইকেটের ক্লাবে।
