বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে গতকাল ডুবে গেছে ক্লিংকারবোঝাই একটি লাইটারেজ জাহাজ। জাহাজটির ১৩ নাবিককে উদ্ধার করেছে একই পথে গমনকারী অন্য দুই জাহাজ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মো. সেলিম জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে ‘টিটু-১৯’ নামে লাইটারেজ জাহাজটি মুন্সীগঞ্জ যাচ্ছিল। বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে জাহাজটির তলা ফেটে পানি ঢুকে ডুবে যায়।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম জানান, বেলা ১১টায় লাইটারেজ জাহাজডুবির খবর পেয়ে আমরা ওই পথে যাওয়া একটি খালি অয়েল ট্যাঙ্কার ও একটি লাইটারেজ জাহাজকে টিটু-১৯-এর নাবিকদের উদ্ধারের অনুরোধ জানাই। এরপর জাহাজ দুটি ১৩ নাবিককে উদ্ধার করে। তিনি জানান, ডুবে যাওয়া জাহাজটি শিল্প গ্রুপ আবুল খায়ের গ্রুপের। গত বছরের আগস্টে একই কোম্পানির আরেকটি লাইটারেজ জাহাজ এই জায়গায় দুর্ঘটনায় পড়েছিল।
