বংশালে ছিনতাইয়ে বাধা ব্যবসায়ীর বুকে গুলি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৬ এএম

রাজধানীর বংশালে মো. শুকুর আলী (৪৪) নামে এক ব্যবসায়ীর বুকে গুলি করেছে ছিনতাইকারীরা। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার বংশাল রোডের স্টার বেকারির সামনে থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শুকুর আলীর অবস্থা শঙ্কামুক্ত। 

গুলিবিদ্ধ শুকুর আলী জানান, বংশাল আলুবাজারের একটি গলিতে তার পুরনো লোহার পাইপের ব্যবসা রয়েছে। পরিবারসহ থাকেন বংশালের কাজী আলাউদ্দিন রোডের বাসায়। রবিবার রাতে যাত্রাবাড়ীতে ব্যবসায়িক কাজ শেষ করে রিকশায় বাসায় ফেরার সময় স্টার বেকারির সামনে এলে একটি সবুজ রংয়ের মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এরপর রিকশাচালককে মারধর করতে শুরু করে তারা। একপর্যায়ে তারা তার পকেটে থাকা সাড়ে ৮ হাজার টাকা ও গলায় থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। এ সময় তিনি এক ছিনতাইকারীকে টেনে ধরলে আরেক জন তার বুকে গুলি করে পালিয়ে যায়।

বংশাল থানার ওসি মো. শাহীন ফকির জানান, ছিনতাইকারীরা শুকুর আলীর বুকের বাঁ পাশে একটি গুলি করেছে। এ ঘটনায় অজ্ঞাত ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত