আরব লিগের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ল ক্ষুব্ধ ফিলিস্তিন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৭ পিএম

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকের চুক্তির প্রতিক্রিয়ায় আরব লিগের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ল ফিলিস্তিন।

আলজাজিরা জানায়, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি মঙ্গলবার এ ঘোষণা দেন।

এক সপ্তাহ আগে ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে চুক্তি করে আমিরাত ও বাহরাইন।

ইসরায়েলের সঙ্গে কোনো আরব দেশের চুক্তিকে অপমানজনক বলে নিন্দা জানান রিয়াল আল-মালিকি।

আগামী ছয় মাসের জন্য আরব লিগের বৈঠকগুলোর চেয়ারম্যানের দায়িত্ব ছিল ফিলিস্তিনের। তবে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক সংবাদ সম্মেলনে সেখান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘ফিলিস্তিন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে কাউন্সিলের বর্তমান সেশনের চেয়ারম্যানের অধিকার ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে। চেয়ারম্যানের পদে থেকে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে দেখা সম্মানজনক কিছু নয়।’

বিবৃতিতে কোনো আরব দেশের নাম উল্লেখ করেননি রিয়াদ আল-মালিকি। ফিলিস্তিনের এই সিদ্ধান্ত আরব লিগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গাইতকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত