দায়িত্ব বুঝে নিলেন শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। সভা শেষে সংবাদ সম্মেলনে শুটিং নিয়ে বড় স্বপ্নের কথা বলেছেন তিনি।
অন্তর্দ্বন্দ্বে শুটিং ফেডারেশনের অবস্থা হয়েছিল টালমাটাল। দুই শীর্ষ কর্তার বিরোধে দিশেহারা হয়ে পড়েছিলেন শুটাররা। সম্ভাবনাময় খেলাটির ভবিষ্যৎই ম্লান হতে বসেছিল। সরকারের সময়োপযোগী এক পদক্ষেপে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছে শুটিং।
দীর্ঘদিনের সভাপতি নাজিমউদ্দিন চৌধুরীকে সরিয়ে দেয়ার পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দিয়েছে নির্বাচিত কমিটি। অ্যাডহক কমিটির দায়বদ্ধতা রয়েছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার। সেটি গুরুত্ব দিয়ে ভাবার সঙ্গে দেশের শুটিংয়ে এগিয়ে নিতেও বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন সভাপতি।
শুটারদের নতুন অভিভাবক বলেন, ‘শুটিং একটা গর্বের জায়গা। এই খেলা থেকেই এসেছে দেশের সর্বোচ্চ সাফল্য। ইতিপূর্বে যারা দায়িত্বে ছিলেন, তাদের অবদানের জন্যই আমরা এখানে আসতে পেরেছিলাম। প্রথম সভায় আমরা তিনরকম পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে টোকিও অলিম্পিকের জন্য শুটারদের প্রস্তুত করা।’
অলিম্পিকের জন্য ৬ শুটার এরই মধ্যে ক্যাম্প শুরু করলেও কর সংক্রান্ত ঝামেলায় ৪ শুটার ব্যবহার করতে পারছেন না তাদের অস্ত্র। নতুন সভাপতি দ্রুতই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন শুটারদের জন্য বিদেশি কোচ আনার পরিকল্পনার কথা।
