দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে বন্দরে আমদানিকৃত কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। একদিন আগেও বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচামরিচ ১শ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন জানান, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে বেশ কিছুদিন ধরেই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। কাঁচামরিচের বাড়তি দাম পাওয়ার কারণে হিলিসহ দেশের বিভিন্ন বন্দর দিয়েই কাঁচামরিচ আমদানি করছেন দেশের আমদানিকারকরা। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় এর দামের ওপর প্রভাব পড়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন মোকামে কাঁচামরিচের চাহিদা তেমন না থাকায় দাম কিছুটা কমতে শুরু করেছে। গতকাল হিলি স্থলবন্দর দিয়ে ১০টি ট্রাকে ৭৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
