কাভার্ড ভ্যানে পিষ্ট চারুকলার ছাত্রী নিতি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০২:২৮ এএম

রাজধানীতে বেপরোয়া কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটের এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম রাদিয়া নিতি (২৩)। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভাটারা নতুনবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের রেজাউল করিম ফরাজির মেয়ে নিতি পরিবারের সঙ্গে ভাটারা নতুনবাজার প্রিন্সিপাল রোডে থাকতেন।

স্বজনরা জানান, নিতি ছিল মা-বাবার সংসারের আলোকবর্তিকা। তার স্বপ্ন ছিল ইন্টেরিয়র ডিজাইনিংয়ে দেশসেরা হওয়া। সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হয়। তৃতীয় বর্ষে ওঠার সঙ্গে সঙ্গে চলতি মাসেই মনের মতো একটি চাকরিও পেয়ে যায়। কিন্তু ঘাতক কাভার্ড ভ্যান নিতির মা-বাবার সংসারের আলো চিরতরে নিভিয়ে দিয়েছে। সোমবার সন্ধ্যায় বাসায় ফেরার সময় বেপরোয়া কাভার্ড ভ্যান তাকে সড়কে পিষে দেয়। উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিতির ছোট বোন সাদিয়া রেজা তন্নি দেশ রূপান্তরকে বলেন, নিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সম্মান তৃতীয় বর্ষে পড়তেন। এ মাসেই পুরানা পল্টনের একটি কোম্পানিতে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে চাকরি নিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। নতুনবাজারের আমেরিকান গ্যারেজ নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়।

ভাটারা থাকার এসআই ইস্কান্দার সরদার দেশ রূপান্তরকে বলেন, কাভার্ড ভ্যানটি চালাচ্ছিল চালক জাফর আহমদ (৫৫)। তার লাইসেন্স সঠিক পাওয়া গেছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের নতুন সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে নিতির মর্মান্তিক মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে পড়েন চারুকলা ইনস্টিটিউটে তার সহপাঠীরা। তারা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ভাটারা থানার ওসি মুক্তারুজ্জামান বলেন, তিন ভাইবোনের মধ্যে নিতি বড় ছিলেন।

নিতির চাচাতো ভাই রেজাউল করিম দেশ রূপান্তরকে জানান, নিতির বাবা পরিবহন ব্যবসায়ী। তার গাড়ির ব্যবসা রয়েছে। নিতির মৃত্যুর খবরে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে জানাজা শেষে কেরানীগঞ্জের জিনজিরায় নিতির লাশ দাফন করা হয়েছে বলেও জানান রেজাউল করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত