নারায়ণগঞ্জে বিস্ফোরণ

মসজিদে অবৈধ বিদ্যুৎ সংযোগ করেন মোবারক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০২:২৯ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে প্রাণহানির মামলায় গ্রেপ্তার বিদ্যুৎমিস্ত্রি মোবারক হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাউছার আলমের আদালতে এ জবানবন্দি দেন তিনি। আদালতের নির্দেশে পরে তাকে কারাগারে পাঠানো হয়।

জবানবন্দিতে মোবারক হোসেন মসজিদ কমিটির সম্মতিতে পশ্চিম তল্লা জামে মসজিদে বিদ্যুৎ সরবরাহের মেইন লাইন থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা স্বীকার করেছেন বলে মামলার তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছেন মোবারক হোসেন। গত রবিবার মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিদ্যুৎমিস্ত্রি মোবারক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেদিন তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, বায়তুস সালাত জামে মসজিদে দুটি বৈদ্যুতিক সংযোগ রয়েছে। এর মধ্যে একটি অবৈধ। এ অবৈধ বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সঙ্গে কে বা কারা জড়িত তা জানতে মোবারককে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এর আগে গত ১৯ সেপ্টেম্বর বিকেলে কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ সেপ্টেম্বর বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে দগ্ধ ৩৮ জনের মধ্যে ইতিমধ্যে ৩৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তদন্তে বেরিয়ে আসে, তিতাসের সরবরাহ লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস মসজিদে জমে থেকে তাতে বৈদ্যুতিক স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত