পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
তিনি বলেছেন, ‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শািন্তপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন।’
বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইনশৃঙ্খলা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘২৬ সেপ্টেম্বর পাবনা ৪ আসনের উপনির্বাচন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। নির্বাচন আচরণবিধি মেনে শািন্তপূর্ণ পরিবেশ বজায় রাখতে অংশগ্রহণকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানাই।’
সিইসি কে এম নুরুল হুদা আরও বলেন, ‘নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত থেকে সবার জন্য সমান পরিবেশ সৃষ্টি করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধেই এখন পর্যন্ত প্রার্থীরা অভিযোগ করেননি। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। আমরা সব প্রার্থীর সঙ্গে কথা বলব, যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
আইনশৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবীর, জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ উপস্থিত ছিলেন।
