সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে অভিনেত্রী কঙ্গনা রনৌত গোটা বলিউডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। এর মধ্যে সুশান্তের মৃত্যুকে ঘিরে বলিউড তারকাদের মধ্যে মাদকাসক্তির বিষয়টি বেরিয়ে এসেছে।
এ নিয়ে একের পর এক তর্ক-বিতর্ক লেগেই আছেই। যার শীর্ষে আছেন কঙ্গনা রনৌত। তবে এবার তার বিরুদ্ধেই মাদক গ্রহণের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের শিবসেনা সরকার।
অভিনেতা শেখর সুমনের পুত্র অধ্যয়ন সুমন বেশ কয়েক বছর আগে অভিযোগ করেছিলেন মাদক গ্রহণ করতেন কঙ্গনা।
এর মধ্যে ক্ষমতাসীন বিজেপি ঘেঁষা কঙ্গনাকে এক হাত নিলেন দলটিরই এক প্রবীণ নেতা। তার দাবি, কঙ্গনার বিরুদ্ধেও মাদক-তদন্ত চালানো হোক।
মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা প্রবীণ দারেকর সাংবাদিকদের বলেন, 'কঙ্গনা যদি বলে থাকে তিনি মাদকাসক্ত, তাহলে এই ঘটনা তদন্ত করা উচিত। আমাদের দেশে আইন সকলের জন্য সমান।'
এদিকে মাদক কাণ্ডে আরো জিজ্ঞাসাবাদের জন্য দীপিকা পাড়ুকোনে, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রাকুলপ্রীত সিংয়ের মতো প্রথম সারির অভিনেত্রীদের ডেকে পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
