নতুন মৌসুমের মাত্র শুরু। এর মধ্যেই মাঠে নামানোর মতো খেলোয়াড় সংকটে ম্যানচেস্টার সিটি। ক্লাবটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, মূল দলে তার হাতে ফিট খেলোয়াড় আছেন মাত্র ১৩ জন! ফলে ক্লাবের একাডেমির খেলোয়াড়দের ওপর নির্ভর করতে হবে তাকে।
লিগ কাপে তৃতীয় রাউন্ডে বৃহস্পতিবার বোর্নমাউথকে ২-১ গোলে হারায় ম্যানসিটি। বিজয়ী দলের দুটি গোলই এসেছে তরুণ দুই ফুটবলারের কাছ থেকে। সতেরো বছর বয়সী লিয়ামস ডিলেপ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করেন কুড়ি বছর বয়সী ফিল ফোডেন।
ম্যাচটিতে দলের তারকা খেলোয়াড়দের সাইডলাইনে রাখেন গার্দিওলা। বেশ কয়েকজনকে পাঠিয়েছেন বিশ্রামে। তারুণ্যনির্ভর একাদশ সাজাতে হয় তাকে। স্প্যানিশ এই কোচ জানান, আগামী দিনগুলোতেও একাডেমির খেলোয়াড়দের আরও দরকার হবে তার।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, “এটা ভালো একটি ম্যাচ ছিল। টমি, টেইলর, লিয়ামসহ আমাদের তরুণ সব খেলোয়াড় দারুণ খেলেছে। তারা সবাই খুব ভালো খেলেছে।”
টিনএজ স্ট্রাইকার লিয়াম প্রসঙ্গে সিটি বস বলেন- “১৭ বছর বয়সেও দেহ অবয়বের দিক থেকে লিয়াম ভিন্ন ধরনের একজন স্ট্রাইকার। অনুশীলনে আমরা দেখি, সে কত ভালো একজন ফিনিশার। এখন তার ঠান্ডা মাথায় কাজ চালিয়ে যাওয়ার সময়। আমরা তার পারফরম্যান্সে আনন্দিত। সে দারুণ খেলেছে।”
“এখন আমাদের যে পরিস্থিতি, একাডেমি থেকে আমাদের খেলোয়াড় দরকার। আমাদের মাত্র ১৩ জন খেলোয়াড় ফিট। সামনে আমাদের যে সমস্যা তাকে (লিয়ামকে) আমাদের সঙ্গে রাখতে হবে। আমরা তাকে ব্যবহার করব।”
