ঝিনাইদহে কলেজ ছাত্রকে হত্যা করে মাটিচাপা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৫ এএম

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের চার দিন পর সুজন হোসেন (২০) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার আউশিয়া গ্রামের একটি ধানক্ষেতের সেচ পাম্পের ঘর থেকে মাটিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সুজন ওই গ্রামে মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গত ১৯ সেপ্টেম্বর মালয়েশিয়া প্রবাসী জিল্লুরের ছেলে সুজন বাড়ি থেকে সার কিনতে শৈলকুপা বাজারে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। পরে সাকিব, নাজমুল ও হৃদয় নামে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে সুজনের মাটিচাপা লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সুজনকে হত্যা করে লাশ গুম করতে মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় সুজনের চাচা বাদী হয়ে মামলা করেছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত