কর্নেলকে কেউ চিঠি লেখে না মঞ্চস্থ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪১ এএম

প্রাচ্যনাট আয়োজিত ‘মহলা মগন’ উঠান নাটকের মেলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় মঞ্চায়িত হয় নাটক ‘কর্নেলকে কেউ চিঠি লেখে না’। কাঁটাবনে প্রাচ্যনাটের নিজস্ব মহড়াকক্ষে নাটকটির প্রদর্শনী হয়। অন্যদিকে নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়িত হয় ‘ব নাটুয়া’র প্রযোজনা ‘নিশিকাব্য’ নাটকটি।

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা উপন্যাস থেকে ‘কর্নেলকে কেউ চিঠি লেখে না’ নাট্যরূপ দিয়েছেন শওকত হোসেন সজীব এবং মঞ্চে নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। চিঠির অপেক্ষায় থাকা এক কর্নেলের গল্পের মধ্য দিয়ে সমাজব্যবস্থার নানা অনিয়ম, গণমাধ্যমের পরাধীনতাসহ নানা বিষয় উঠে আসে নাটকটিতে। এ নাটকে অভিনয় করেছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন ও প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ। আজ শনিবারও একই মিলনায়তনে নাটকটির আরেকটি প্রদর্শনী হবে।

অন্যদিকে মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প ‘মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ’-এর ছায়া অবলম্বনে ‘নিশিকাব্য’ নাটকের রচয়িতা মঈন উদ্দিন পাঠান। মঞ্চে নির্দেশনা দিয়েছেন আবদুল মমিন। নিশিকাব্য মূলত মনোবৈকল্যের গল্প। এক রাতে পার্কের আলো-আঁধারে গল্পটি লেখা হয়। নিশিকাব্য লিখতে বসেন এক সাইকোপ্যাথ। রাত কাটানোর প্রথম প্রহরই নিশিকাব্য নাটকের সূচনাকাল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাইকোপ্যাথের সঙ্গী হয় একজন বেকার আর একজন প্রেমিক। বেকার যে কিনা ট্রেন মিস করে রাতটা কাটানোর জন্য পার্কে এসেছিল। প্রেমিকার অন্যের হাত ধরে বিদেশ চলে যাওয়ার খবর জানতে পেরে প্রেমিক দড়ি হাতে পার্কে এসেছিল আত্মহত্যা করতে। সাইকোপ্যাথ, বেকার ও প্রেমিক এই তিনজন মিলে নানা ঘটনা-দুর্ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। কাকতালভাবে তাদের দেখা হতে থাকে কবি, নিশিকন্যা, সন্ত্রাসী ও নৈশপ্রহরীর সঙ্গে।

এই নাটকের আলোক পরিকল্পনা করেছেন আসলাম অরণ্য, সংগীত পরিকল্পনায় রাইয়ান অনাবিল, পোশাক পরিকল্পনায় আবির হোসাইন, দ্রব্যসামগ্রী পরিকল্পনা অন্তরা সাহা, পোস্টার ফুয়াদ আহমেদ রাব্বি, মঞ্চ ব্যবস্থাপনা তারিফ হোসাইন ও প্রযোজনা অধিকর্তা রাইয়ান অনাবিল। অভিনয় করেন সাজেদ বিন সাজিদ, তারিফ হোসাইন, রাইয়ান অনাবিল, আবদুল মমিন, আবির হোসাইন, সুমাইয়া স্মৃতি, তামিম হোসেন, ফারহান ইশরাক, রিওন সাকিব, ইব্রাহিম মোরশেদ, শ্রাবণ গোমেজ, ফুয়াদ আহমেদ রাব্বি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত