পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় শত শত যানবাহন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৪ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকট এবং শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে সীমিত আকারে ফেরি চলাচল করার কারণে পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

গতকাল শুক্রবার ভোর থেকে পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে থেমে থেমে সারা দিন বৃষ্টির কারণে ফেরিতে যানবাহন লোড ও আনলোড করতে অতিরিক্ত সময় লাগছে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার যানবাহনের শ্রমিক, যাত্রী ও চালকরা।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল বাশার বলেন, শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে পাটুরিয়া দুই টার্মিনালে তিন শতাধিক ট্রাক, অর্ধশতাধিক ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস এবং উথুলী সংযোগ মোড়ে দুই শতাধিক ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। তবে ফেরি পারাপারের সঙ্গে আবার নতুন করে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিদউদ্দিন রাসেল বলেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি সীমিত আকারে চলাচল করায় প্রতিদিন ওই রুটের তিন-চারশ বাড়তি ট্রাক এ রুটে আসছে। পাশাপাশি নদীতে নাব্য সংকট, ফেরি স্বল্পতা এবং এক নাম্বার ঘাটের একটি পন্টুন ভেঙে গেছে। পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরির মধ্যে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত