২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু কমেছে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৯ এএম

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাস সংক্রমণের নতুন রোগী শনাক্ত ও মৃত্যু কমেছে। গতকাল শুক্রবার দেশে করোনা শনাক্তের ২০২তম দিনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৮৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে ও ২১ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে দেশে করোনায় সর্বমোট শনাক্ত ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ ও মৃত্যু ৫ হাজার ৯৩ জনে পৌঁছাল। গতকাল নতুন রোগী শনাক্ত হয়েছে গত ১৩ দিনের মধ্যে সর্বনিম্ন এবং মৃত্যুর সংখ্যাও গত ৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিন নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারও ছিল কম। প্রায় সাড়ে ১২ হাজারের মতো পরীক্ষায় এদিন ১১ দশমিক ০৯ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে বর্তমানে ১০৩টি পরীক্ষাগারে করোনার পরীক্ষা চলমান রয়েছে। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত) ১২ হাজার ৫৯৩টি নমুনা সংগৃহীত হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৭৩টি। এসব পরীক্ষায় ১ হাজার ৩৮৩ জন নতুন রোগী শনাক্ত হয়। একই সময়ের মধ্যে আরও ২১ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯৩২ রোগী সুস্থ হয়েছে।

এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ১৮ লাখ ৮৮ হাজার ১০টি নমুনা পরীক্ষায় ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৫ হাজার ৯৩ এবং সুস্থ হয়েছে ২ লাখ ৬৭ হাজার ২৪ জন। বাকিরা এখনো চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে, তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৮ দশমিক ৯০ শতাংশ হারে। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৩ ও সুস্থতার হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৪ ও নারী ৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৬ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম এবং ১ জন করে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের। মৃতদের মধ্যে ১০ জন ষাটোর্ধ্ব বয়সী। বাকিদের মধ্যে ৫১-৬০ বছরের ৪ এবং ৪১-৫০ বছরের ৭ জন। এদিন ২১ জনের সবাই হাসপাতালে মারা গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৩ হাজার ৯৪৯ ও নারী ১ হাজার ১৪৪ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক ৫৪ ও নারী ২২ দশমিক ৪৬ শতাংশ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৫২৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১ হাজার ৫২, খুলনায় ৪২৮, রাজশাহীতে ৩৩৬, রংপুরে ২৩৭, সিলেটে ২২৪, বরিশালে ১৮৬ এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১০৭ জন মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত