অপুর জন্য পিছিয়ে গেল ‘ছায়াবৃক্ষ’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:০২ পিএম

কিছুদিন আগে মা হারিয়েছেন অপু বিশ্বাস। স্বভাবতই ক্যামেরার সামনে দাঁড়াতে তার খানিকটা সময় দরকার। সেই কথা নিশ্চিত করছেন নায়িকার নতুন সিনেমার পরিচালক।

সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে ‘ছায়াবৃক্ষ’, পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

এ নির্মাতা সংবাদমাধ্যমকে জানান, ১ অক্টোবর সিলেটে ‘ছায়াবৃক্ষ’-এর শুটিং শুরুর কথা ছিল। কিন্তু আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

১৮ সেপ্টেম্বর মারা যান ছবির নায়িকা অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস। পরদিনই মায়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় যান। সেখানে দাহ করার পাশাপাশি এখন মায়ের আত্মার শান্তির জন্য রাখছেন নিয়মিত উপোস। ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে শ্রাদ্ধ।

এ পরিস্থিতিতে বন্ধন বিশ্বাসকে শুটিং পেছানোর অনুরোধ করেন অপু। নায়িকার কথায় সম্মতি দিয়েছেন প্রযোজক ও পরিচালক। এ জন্য কৃতজ্ঞতা জানালেন অপুও।

চা বাগানের শ্রমিকদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প। এতে চা শ্রমিকের চরিত্র করছেন অপু। তার বিপরীতে নায়ক হচ্ছেন নিরব। জুটি না হলেও এর আগে শাকিব খানের সঙ্গে দুই সিনেমায় সহশিল্পী ছিলেন অপু ও নিরব।

আরও আছেন বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান ও ইকবাল আহমেদ।

‘ছায়াবৃক্ষ’-এর গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত করছেন ইমন সাহা। সহপ্রযোজনা করছে অনুপম কথাচিত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত