সুনীল গাভাস্কারের এক মন্তব্যের জেরে খেপেছেন আনুশকা শর্মা। সেই তর্কে এবার খোঁচা দিলেন কঙ্গনা রনৌত।
বিতর্কের সূত্রপাত আরব আমিরাতের অনুষ্ঠিতব্য আইপিএলে বিরাট কোহলির ক্যাচ মিস করা নিয়ে।
বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির খারাপ পারফরম্যান্সের সমালোচনা করতে গিয়ে সুনীল বলেন, “লকডাউনে তো কোহলি শুধু আনুশকার সঙ্গেই বল নিয়ে খেলেছে। তাতে আর কী লাভ হয়েছে।”
এরপরই বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যানের মন্তব্যকে সরাসরি ‘অশালীন’ না বললেও আনুশকা বুঝিয়ে দেন, এমন মন্তব্য করা উচিত হয়নি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে প্রশ্ন তোলেন, কেন স্বামীর পারফরম্যান্স নিয়ে সমালোচনা করার সময় তার নাম টেনে আনা হয়?
তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসরে নামের খোদ সুনীল। বিতর্ক থামাতে তিনি জানান, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি কোনো অশালীন মন্তব্য করেননি। লকডাউনে টেনিস বলে আনুশকার সঙ্গে বিরাটকে ক্রিকেট খেলতে দেখেছিলেন তিনি। সেই উদাহরণই দিতে চেয়েছেন। তার এই মন্তব্যের প্রধান উদ্দেশ্য ছিল, ক্রিকেটাররা দীর্ঘদিন প্র্যাকটিস করতে পারেননি- এই বিষয়টা বলা।
এরই মধ্যে ঢুকে পড়েন কঙ্গনা। এখন যে কোনো বিষয়ে খবরে থাকা অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। সেখানেই টুইট করে জানিয়ে দেন এ ব্যাপারে আনুশকার পাশে আছেন। কিন্তু একই সঙ্গে খোঁচাও দেন।
লেখেন, “আমাকে যখন হুমকি দেওয়া হচ্ছিল, তখন আনুশকা চুপ করেছিল। উল্টো হারামখোর বলেছিল। আজ একই পরিস্থিতিতে দাঁড়িয়ে ও। কিন্তু আমি এর বিরোধিতা করি। ক্রিকেটের সঙ্গে ওর নাম জড়ানোর নিন্দা করছি। কিন্তু কিছু বিষয়েই নারীবাদী হওয়ার বিষয়টাও মেনে নেওয়া যায় না।”
অন্য টুইটে কঙ্গনা লেখেন, “সুনীল গাভাস্কারের মন্তব্যকে যারা অশালীন বলছে তারা নির্বোধ। হ্যাঁ, এটা ঠিক যে তার নাম এ ক্ষেত্রে নাও আসতে পারত। তবে আনুশকা নিজের পরের ছবিতে ক্রিকেটার হচ্ছে। তার জন্য স্বামীর সঙ্গে ক্রিকেটও খেলেছে।”
তবে কঙ্গনার সঙ্গে কোনো তর্কে যাননি আনুশকা।
