জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবায় ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন্ত সুসান্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন। দুজনের সঙ্গে যৌথভাবে শীর্ষ ছিলেন তিনি। টাইব্রেকিং পদ্ধতিতে বুশলজ স্কোরে শিরোপাজয়ী নির্ধারণ করা হয়। তাতে জয়ী হন সুসান্ত। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তিনি পাচ্ছেন ১ হাজার ২০০ মার্কিন ডলার। সমান পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ভারতের গ্র্যান্ডমাস্টার এসএল নারায়ণ রানারআপ এবং ইরানের গ্র্যান্ডমাস্টার এম আমিন তাবাতাবেই তৃতীয় স্থান অর্জন করেছেন।
বাংলাদেশের কোনো প্রতিযোগী এই প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিতে পারেননি। এই আসরে উদীয়মান দাবাড়– ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভালো করেছেন। তিনি ৬ পয়েন্ট নিয়ে ১২তম হয়েছেন। একই পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার মোহাম্মদ জাবেদ হয়েছেন ১৪তম। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টাররা সেরা ১৫তেও ছিলেন না। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ১৭তম ও গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ২১তম হয়েছেন। ৫ পয়েন্ট পেয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ২২তম। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১৪ দেশের মোট ৭৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
