চসিকের পরামর্শক কমিটির প্রথম সভা

চট্টগ্রামের উন্নয়নে বন্দরের আয়ের ১ শতাংশ চান সুজন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৬ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মো. খোরশেদ আলম সুজন বলেছেন, জাতীয় অর্থনীতির ৮০ শতাংশের বেশি আয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে অর্জিত হয়। সেখান থেকে ১ শতাংশ পাওয়া গেলে চট্টগ্রামের উন্নয়নে আর কারও ওপর নির্ভরশীলতার দরকার হবে না। গতকাল শনিবার নগরীর টাইগারপাসে চসিক সম্মেলন কক্ষে নান্দনিক, পরিবেশবান্ধব ও উন্নত চট্টগ্রাম নগরী গড়ার লক্ষ্যে গঠিত পরামর্শক কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।

সুজন বলেন, ‘জাতীয় অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম। দেশের আমদানি-রপ্তানির ৮০ শতাংশ পরিচালিত হয় এখান থেকে। টেকসই অর্থনীতির জন্য যেমন উৎপাদনশীল বন্দর প্রয়োজন, তেমনি উৎপাদনশীল বন্দরের জন্য দরকার একটি সচল শহর। শহর সচল না থাকলে বন্দর কীভাবে চলবে? কাস্টম থেকে প্রচুর অর্থ নিয়ে যাচ্ছে এনবিআর। সেখান থেকে চসিককে কেন ১ শতাংশ লভ্যাংশ দেবে না?’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের এক-তৃতীয়াংশ জায়গার মালিকানা রেল ও বন্দর কর্র্তৃপক্ষের। ব্রিটিশ আমল থেকে তারা এই মালিকানা প্রাপ্ত হয়ে আসছে। সেই সময় তাদের বলা হয়েছিল অব্যবহৃত জায়গাগুলো সরকারের অন্যান্য সেবার খাতকে হস্তান্তর করতে হবে। কিন্তু আজ ১০০ বছর অতিক্রান্ত হওয়ার পরও রেল ও বন্দরের বিপুল পরিমাণ জায়গা পরিত্যক্ত রয়েছে এবং অবৈধ দখলদারদের হাতে চলে গেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত