স্কুলছাত্রী নীলা হত্যায় ৭ দিনের রিমান্ডে মিজান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৪ এএম

ঢাকার সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শনিবার ঢাকার বিচারিক হাকিম রাজীব হাসান মামলার শুনানি নিয়ে তার রিমান্ড বাতিলের আবেদন নাকচ করে এ আদেশ দেন।

এদিকে নীলা হত্যার ঘটনাটি সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। গতকাল দুপুরে সাভারে নীলা হত্যার বিচার দাবিতে আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সংশ্লিষ্ট আদালতে উপস্থিত আইনজীবীরা জানান, নীলা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই নির্মল কুমার দাস গতকাল বিকেলে মিজানকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে মিজানের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আইনজীবী আনোয়ারুল ইসলাম শুভ। শুনানি শেষে মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মানিকগঞ্জের বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণিতে পড়ত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভার পৌরসভার পালপাড়া এলাকায় নীলাকে ছুরি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় মিজান ও তার বাবা-মাকে আসামি করে সাভার থানায় হত্যা মামলা করেন নীলার বাবা। পরে গত শুক্রবার রাত ৮টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার একটি ইটভাটার পাশ থেকে মিজান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

মিজানকে গ্রেপ্তারের আগে গত বৃহস্পতিবার মানিকগঞ্জের চারীগ্রাম এলাকা থেকে তার বাবা আব্দুর রহমান (৬০) এবং মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৫০) গ্রেপ্তার করে র‌্যাব। সাভার থানা পুলিশের হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

নীলা হত্যার বিচার দাবির কর্মসূচিতে প্রতিমন্ত্রী এনামুর : নীলা হত্যার ঘটনাটি সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, ‘সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা এসেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলা হত্যার আসামিদের দ্রত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।’ গতকাল দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গে-া বাসস্ট্যান্ড এলাকায় সাভার নাগরিক কমিটি আয়োজিত নীলা রায়ের খুনিদের ফাঁসির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

কর্মসূচিতে নাগরিক কমিটির পক্ষ থেকে বেশকিছু দাবি তুলে ধরা হয়। তার জবাব দিতে গিয়ে এনামুর রহমান বলেন, ‘মিজানের মা-বাবার সম্পত্তি বাজেয়াপ্ত করে নীলার বাবা-ময়ের নামে করে দেওয়ার যে দাবি করা হয়েছে সে বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা করে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তা পূরণের চেষ্টা করব।’

এছাড়া মিজানের দলনেতা কিশোর গ্যাং লিডার সাকিবের বাবা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুকে বহিষ্কারের দাবির বিষয়ে তিনি বলেন, ‘এই কলঙ্কের বোঝা আমরা আর বয়ে যেতে চাই না। তাই অত্যন্ত দ্রুত ওয়ার্কিং কমিটির সভা ডেকে তাকে বহিষ্কার করার নির্দেশ দিচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত