টিকা পাওয়ার আগে আরও ১০ লাখ মৃত্যুর শঙ্কা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৮ এএম

বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়ছেই। গত ৭ দিনেই প্রায় ২৫ লাখ রোগী শনাক্ত হয়েছে বিশ্বে। এই সময়ে মৃত্যুও হয়েছে প্রায় ৩৮ হাজার মানুষের। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ৩২ হাজার জনে। আর মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ৯৫ হাজারে। গত কয়েক দিন ধরে নতুন শনাক্ত অনুপাতে মৃত্যু কিছুটা কমলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে যে কার্যকর একটি টিকা সহজলভ্য হওয়ার আগেই প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু ২০ লাখে পৌঁছাতে পারে। অর্থাৎ কার্যকর চিকিৎসা বা টিকা আসার আগেই আরও ১০ লাখ মানুষের প্রাণ কাড়তে পারে মহামারী এই ভাইরাস। 

শুধু তাই নয়, সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ না নেওয়া গেলে মৃত্যুর এ সংখ্যা আরও অনেক বেশি হবে বলে উল্লেখ করেছেন সংস্থাটির জরুরি কর্মসূচির প্রধান ড. মাইক রায়ান। গত শুক্রবার জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে আবির্ভূত হওয়ার পর এখন উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই ‘দ্বিতীয় ঢেউয়ের’ তীব্রতাও বাড়বে বলে বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা করছেন।

বিশ্বের দেশগুলোর মধ্যে এখন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলেই শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপজুড়ে সংক্রমণের পুনরুত্থান দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় মহামারীর ‘প্রথম ঢেউয়ের’ মতো এবারও বিভিন্ন দেশ লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। 

ড. রায়ান বলেন, সব মিলিয়ে বেশ বড় অঞ্চলজুড়েই কভিড-১৯ রোগের উদ্বেগজনক উত্থান দেখতে পাচ্ছি। ইউরোপে শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধির ট্রেন্ডের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কার্যকর একটি টিকা সহজলভ্য হওয়ার আগে কভিড-১৯-এ মৃত্যু ২০ লাখের ঘরে যাওয়া ‘অসম্ভব নয়’।

কভিড-১৯ রোগের চিকিৎসার যত উন্নতি হবে মৃত্যুর হার তত কমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে উন্নত চিকিৎসা এমনকি কার্যকর একটি টিকাও মৃত্যু ২০ লাখের ঘর ছাড়িয়ে যাওয়া ঠেকাতে যথেষ্ট নাও হতে পারে বলেও আশঙ্কা তার। 

তাই কভিড-১৯ নিয়ন্ত্রণে সম্ভব সব ধরনের পদক্ষেপ নিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি তিনি আহ্বানও জানিয়েছেন। রায়ান বলেন, আমরা যদি তা না করি তাহলে আপনারা যে সংখ্যার কথা বলছেন তা সম্ভব। দুর্ভাগ্যজনক ও দুঃখজনকভাবে বলতেই হচ্ছে, এমনটা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত