নড়াইলের সেই বৃদ্ধা মাকে হাসপাতালে ভর্তি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৮ এএম

ছেলেমেয়েরা জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া নড়াইলের সেই মায়া রানী কুন্ডুর (৮৫) পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। গত শুক্রবার রাতে জেলা প্রশাসক আনজুমান আরার নির্দেশে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ভুল বুঝতে পেরে মায়ের কাছে ছুটে আসেন মায়া রানীর বড় ছেলে দেব কুন্ডু। এ ছাড়া ইতিমধ্যে মোবাইল ফোনে সেই বৃদ্ধা মায়ের খোঁজখবর নিয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা। তা ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও বৃদ্ধার ছেলেমেয়েদের সঙ্গে আলোচনা চলছে।

জানা যায়, বৃদ্ধা মায়ের ভরণপোষণ দিতে অপারগতা প্রকাশ করে মায়া রানীর দুই ছেলে ও এক মেয়ে। এ ঘটনায় কয়েক দিন ধরে নড়াইল শহরের চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্স সংলগ্ন একটি নৌকার নিচে আশ্রয় নেন ওই মা। সেখানেই রোদ, বৃষ্টি ও ঝড় মোকাবিলা করে দিন-রাত অতিবাহিত করছিলেন তিনি। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে শুক্রবার সন্ধ্যায় নড়াইল জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেন।

সদর হাসপাতালের আরএমও মশিউর রহমান বাবু জানান, বৃদ্ধা মায়ের হার্টের সমস্যা রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। হাসপাতালে আরও দুই-তিন দিন রাখা হবে।

এদিকে গতকাল দুপুরে বৃদ্ধা মাকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক আনজুমান আরা। তিনি বলেন, ‘বৃদ্ধা মাকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বৃদ্ধার এক ছেলে ও তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি। অন্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। তারা যদি ভরণপোষণের দায়িত্ব নিতে চায়, তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে। অন্যথায় সরকারি কোনো বৃদ্ধাশ্রমে পাঠানো হবে। তা ছাড়া এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে ব্যাপারেও চিন্তাভাবনা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত