নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত ৩৫ পরিবারের মাঝে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার দেয়া পৌনে ২ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ পরিবারের হাতে পরিবার প্রতি প্রধানমন্ত্রীর দেয়া পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাকিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারি, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন প্রমুখ।
এ সময় এমপি শামীম ওসমান বলেন, যে কোনো সেক্টরেই এখন অনিয়মটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই অনিয়ম কে নিয়মে পরিণত করা একা রাষ্ট্রের পক্ষে সম্ভব না। এটা সবাই মিলে করতে হবে। যারা সিস্টেমের ভেতরে আছে তারাই তো সিস্টেম ভাঙে। নারায়ণগঞ্জে বাড়ি-ঘর করার পারমিশন কে দিয়েছে? দেওয়ার তো কথা রাজউকের। রহমতুল্লাহ মুসলিম ইনস্টিটিউট ভাঙে কে? ওটার সভাপতি তো জেলা প্রশাসক। হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে।
শামীম ওসমান বলেন, সবাইকে আইনের আওতায় থাকতে হবে। কিন্তু রক্ষকরাই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে আগামী প্রজন্ম তো আইন মানবে না।
