জামালপুরে দুই ভাইয়ের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩১ এএম

জামালপুরে রিকশাচালক রাসেল হত্যা মামলায় সহোদরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। একই রায়ে ৭ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত। গতকাল রবিবার দুপুরে আদালতের বিচারক জুলফিকার আলী খাঁন এ দ-াদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০০৭ সালে ২৬ ডিসেম্বর জুয়া খেলাকে কেন্দ্র করে ইসলামপুর উপজেলার পূর্ব শাশারিয়াবাড়ি গ্রামের রাসেলের সঙ্গে প্রতিবেশী ভূট্টু ও তার বন্ধুদের ঝগড়ার ঘটনা ঘটে। এর জের ধরে পরেরদিন রাতে ভূট্টুর সহযোগীরা রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সকালে একটি আখ ক্ষেত থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাসেলের মা আছিয়া খাতুন বাদী হয়ে ভূট্টুসহ ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় ১৫ আসামির সাক্ষ্যগ্রহণ শেষে ভূট্টু ও তার ভাই খালেককে মৃত্যুদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা ছাড়াও ছামিউল, জহিজল, রশিদ, মো. কাশি, ফুলু মিয়া, বিদ্যুৎ ও বাবুলকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। মামলার অপর চার আসামি খালাস পেয়েছেন।

অপরদিকে, ফরিদপুরে এক কিশোরীকে (১৫) ধর্ষণের দায়ে পিয়াস মিয়া (২১) নামে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গতকাল রবিবার দুপুরের দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমগীর কবির এ আদেশ দেন।

রায় প্রদানের সময় এ মামলার একমাত্র আসামি পিয়াস মিয়া আদালতে হাজির ছিলেন। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে জেএসসির ওই পরিক্ষার্থী কোচিং থেকে ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে পিয়াস তার ওড়না মুখে চেপে রাস্তার পাশের ছন ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। রায়ে পিয়াসকে কারাদ-ের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত