তরুণ নির্মাতাদের মধ্যে জনপ্রিয় মাবরুর রশিদ বান্নাহ্। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম অ্যামাজান প্রাইম-এ প্রকাশ হতে যাচ্ছে তার দুই শর্টফিল্ম। তার সঙ্গে কথা বলেছেন এস হাসান
অ্যামাজান প্রাইমে দুই শর্টফিল্ম...
অ্যামাজান প্রাইমে আমার দুটি শর্টফিল্ম প্রকাশ হতে যাচ্ছে। বিষয়টি আমাদের দেশের প্রেক্ষাপটে অবশ্যই এক্সাইটিং। প্রথমে ইউএসএ এবং ইউকের দর্শকদের জন্য রিলিজ হবে। কয়েক দিন পর বিশ্বের অন্য দেশগুলোর জন্যও রিলিজ হবে। একটির নাম ‘ম্যাডবয়-রিলঞ্চড’, অন্যটি ‘আমার অপরাধ কী?’। তবে দুটি কাজই আমি পরিচালনা করিনি। একটির পরিচালক, একটির অভিনেতা। তৌহিদ আশরাফের পরিচালনায় ‘ম্যাডবয়-রিলঞ্চড’-এ আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। এতে কমেডির মাধ্যমে পারিবারিক বন্ধনের বার্তা থাকবে। তবে কোনো প্রেম নেই। আর গেল ঈদে নাটক হিসেবে ইউটিউবে প্রকাশ পায় আমার নির্দেশনায় ‘আমার অপরাধ কী?’। কারণ দর্শক ইউটিউবে নাটক লিখে সার্চ করে। সেজন্য নাটক নামেই উন্মুক্ত করা হয়েছিল। একজন নির্মাতার পয়েন্ট অব ভিউ থেকে বলছি, এটির ব্যাপ্তি নাটকের মতো নয়। তারপরও বেশকিছু পরিবর্তন করে শর্টফিল্ম হিসেবে অ্যামাজন প্রাইমে মুক্তি দিচ্ছি। শুধু বাংলাদেশ এবং ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরমে সীমাবদ্ধ নয়, বাংলাদেশি নির্মাতা হিসেবে আমার কনটেন্টগুলো বিশ্বের বিভিন্ন ওটিটি প্ল্যাটফরমে পাওয়া যাবে, সেই স্বপ্নপূরণ হয়েছে। ইংরেজি সাবটাইটেলে এ দুটি শর্টফিল্ম ১ অক্টোবর থেকে অ্যামাজান প্রাইমে দেখা যাবে।
ঈদের পর...
প্রস্তুতি চলছে। তাড়াহুড়োর কিছু নেই। সব ঠিকঠাক করেই শ্যুটিং শুরু করব। করোনার প্রকোপ এখনো কমেনি। তাই ধীরগতিতে কাজ করছি। শিগগিরই শ্যুটিং শুরু হবে।
সাম্প্রতিক নাটকে সাড়া...
বাংলা নাটকের বড় একটা দর্শক কিন্তু আমাদের প্রবাসীরা, যারা সত্যিই ভালো নেই। অনেকেই কর্মহীন তো বটে, সে সঙ্গে আতঙ্কের মধ্যে আছেন। থাকবেন না কেন? নিজেকে নিয়ে চিন্তার পাশাপাশি দেশে পরিবারের চিন্তায় হয়তো ন্যুব্জ তারা। যাদের কাছে সাম্প্রতিক সময়ের নাটকগুলো পৌঁছায়নি। সে কারণে অনলাইনে নাটকের আলোচনা কিংবা ভিউ কম হচ্ছে। তবে টেলিভিশনে দর্শক সংখ্যা অবশ্যই বেশি আছে।
চলচ্চিত্র পরিচালনা...
শুরুতেই তো চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলাম। কিন্তু যেখানে সিনিয়র এবং দক্ষ ও জনপ্রিয় নির্মাতাদের কাজ কম, সেখানে নতুন একজন নির্মাতা, যার কোনো কাজ দেখা হয়নি তাকে কে লগ্নি করবে? নাটক বানানো শুরু করতেও কম কাঠ পোড়াতে হয়নি। আমি আশাবাদী মানুষ। কাজ করছি অভিজ্ঞতা অর্জন করছি। চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন অবশ্যই দেখি।
