উড়তে থাকা বায়ার্ন মিউনিখকে মাটিতে নামিয়ে আনল হফেনহেইম। গত রাতে বুন্দেসলিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই এই দলটির কাছে ৪-১ গোলে হেরে গেছে গত মৌসুমে চার শিরোপাজয়ী বায়ার্ন। অথচ লিগের প্রথম ম্যাচেই শালকেকে ৮ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। তার আগে চ্যাম্পিয়নস লিগ জেতার পথে কোয়ার্টারে বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিল তারা।
৩২ ম্যাচ অপরাজিত এবং টানা ১৫ ম্যাচ জয়ের ধারাবাহিকতা নষ্ট হলো বায়ার্নের। সর্বশেষ গত বছরের ৭ ডিসেম্বর ম্যাচ হেরেছিল তারা। কোচ হান্স ফ্লিকের অধীনেও এই প্রথম হারল তারা। ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিক হফেনহেইমকে এগিয়ে দেন ইরমিন বিকাকিক। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোয়ানেস দাবর। ৩৬ মিনিটে জসুয়া কিমিচ এক গোল শোধ দেন। পরে আন্দ্রে ক্রামারিচ করেন জোড়া গোল। ৭৭ মিনিটে গোল করার পর ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন পেনাল্টিতে।
