বিদায়ী ভারতীয় হাই কমিশনারকে প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অধিকতর সহযোগিতা প্রয়োজন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৫০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও ভালো সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। ভারতের বিদায়ী হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ গতকাল রবিবার সকালে গণভবনে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ও ভারতের হাই কমিশনার দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে আলোচনা করেন। কভিড-১৯ পরিস্থিতি ও দীর্ঘায়িত রোহিঙ্গা সমস্যাও আলোচনায় উঠে আসে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বৈদেশিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে বৈরিতা নয়। আমরা সব সময়ই মনে করি যে, এই অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবার আগে অধিকতর সহযোগিতার প্রয়োজন।’ শেখ হাসিনা আরও বলেন, প্রতিবেশী দেশগুলো তাদের সুবিধার্থে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে।

কভিড-১৯ মহামারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন রীভা গাঙ্গুলি।

তিনি বলেন, এই মারণঘাতী ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশই একসঙ্গে কাজ করছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সব স্তরের এবং শ্রেণি-পেশার জনগণ এই সংকট মোকাবিলায় একযোগে কাজ করছে। তিনি আরও বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তবে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আমরা অনেক অনুষ্ঠানই উদযাপন করতে পারিনি।’ সরকারের বৃক্ষরোপণ অভিযানের পাশাপাশি তার দল মুজিববর্ষে সারা দেশে এক কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান শেখ হাসিনা।

প্রেস সচিব বলেন, হাই কমিশনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। যেখানে তিনি (নরেন্দ্র মোদি) প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানান। ভারতের হাই কমিশনারও জন্মদিন উপলক্ষে শেখ হাসিনাকে শুভকামনা জানান। শেখ হাসিনা শুভেচ্ছা জানানোর জন্য নরেন্দ্র মোদি এবং রীভা গাঙ্গুলি দুজনকেই ধন্যবাদ জানান।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, ভারতের জনগণ এবং সব রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অভূতপূর্ব সমর্থন জানিয়েছিল এবং একইভাবে তারা বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক স্থলসীমা চুক্তিকেও সমর্থন জানায়।

আগামী মঙ্গলবার ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটি ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন বলেও হাই কমিশনার শেখ হাসিনাকে অবহিত করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে এ সময় উপস্থিত ছিলেন। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত