নারায়ণগঞ্জে ১৪৪ ধারা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:১০ এএম

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল রবিবার ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এদিকে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আহমদ শফীকে নিয়ে ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া আলাউদ্দিন জিহাদী জামিন পেয়েছেন। 

আলাউদ্দিনের মুক্তির দাবিতেই আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ গতকাল দুপুরে শহরের ডিআইটি এলাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। অন্যদিকে হেফাজতে ইসলামও একই জায়গায় একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এতে উত্তেজনা তৈরি হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ নামে একটি সংগঠন নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় সমাবেশের আয়োজন করে। একই সময় ওলামা পরিষদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিটি করপোরেশন ভবন থেকে চাষাঢ়া শহীদ মিনার ও খানপুর ৩০০ শয্যা এলাকা পর্যন্ত ১৪৪ ধারা ঘোষণা করা হলো। এর মধ্যে কোনো প্রকার জটলা, মিছিল-মিটিং, সমাবেশ, যে-কোনো ধরনের অস্ত্র বহন ও সন্দেহজনক ঘোরাফেরা নিষিদ্ধ।

জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, ১৪৪ ধারা জারি করা হয়েছে যারা সমাবেশ ডেকেছে তাদের জন্য। ২নং রেলগেট, শহীদ মিনার, গ্রিন্ডলেজ ব্যাংক মোড়ে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাঁচজন একসঙ্গে সমবেত হলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সাধারণ মানুষের চলাফেরা ও যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আহমদ শফীকে নিয়ে ফেইসবুকে কটূক্তি করার জেরে নারায়ণগঞ্জের এক আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে। ওই মামলায় ২০ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে কয়েক দিন কারাগারে থাকার পর গতকাল জামিন পেয়েছেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত