কভিড-১৯ রোগের দিনগুলোতে সবাই যখন জীবাণুনাশকের ব্যবহারে ব্যস্ত, তখন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সময়-সুযোগ বুঝে ডেটলের সঙ্গে চুক্তি করে ফেলেছে। মহামারীর কারণে বিভিন্ন দেশের বোর্ড স্পনসরের অভাবে ভুগলেও অজিরা হাইজিন ব্র্যান্ডটির সঙ্গে চার বছরের চুক্তি করেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানানো হয়েছে, নারী এবং পুরুষ ক্রিকেট দলের পাশাপাশি দেশটির ৩ হাজার ৪৫৫টি ক্লাবে ডেটল সরবরাহ করবে কোম্পানিটি।
ডেটলের সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটে (ওয়ানডে, টি-টোয়েন্টি) চুক্তি করার আগে মাল্টিন্যাশনাল কমিউনিকেশন প্রতিষ্ঠান ভোডাফোনের সঙ্গে টেস্টে চুক্তি সেরেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এ চুক্তির আওতায় পুরুষ সাপোর্ট স্টাফও থাকছে। এর আগে সাপোর্ট স্টাফে স্পনসর হিসেবে ছিল বিউপা।
বল উজ্জ্বল করতে আইসিসি লালার ব্যবহার নিষিদ্ধ করায় সিএ বলের ক্ষেত্রে জীবাণুনাশক ব্যবহারের চেষ্টা করে যাচ্ছে।
ডেটলের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রস্তাব পেয়ে তারা ক্রিকেটারদের জন্য হাইজিন প্রোটোকল আরও উন্নত করছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী সিইও চুক্তির বিষয়ে বলেন, ‘ডেটল একটি বিশ্বস্ত কোম্পানি। অস্ট্রেলিয়াসহ গোটা বিশ্বে তাদের পরিচিতি। আশা করি তাদের সঙ্গে আমাদের চুক্তি ফলপ্রসূ হবে।’
