সেতুর মাঝে গর্ত, ঝুঁকি নিয়ে চলে যানবাহন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২৮ এএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা-ধানতারা সড়কের মীর দেওহাটা এলাকায় দীর্ঘদিনের জরাজীর্ণ ব্রিজের মাঝখানে গর্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন পরিবহন। স্থানীয়রা কিছু সংস্কারের চেষ্টা করলেও তা সম্পূর্ণ হয়নি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে টাঙ্গাইল জেলা পরিষদ ৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১২ মিটার দৈর্ঘ্য এই সেতুটি নির্মাণ করে। তখন ওই সড়কের বেশিরভাগই ছিল কাঁচা। তারপর থেকে একাধিকবার ওই সড়ক সংস্কার ও পাকাকরণের কাজ হলেও জরাজীর্ণ ব্রিজটি তেমনিই রয়ে গেছে।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিম দেওহাটার সঙ্গে সংযুক্ত দেওহাটা-ধানতার এই আঞ্চলিক সড়ক দিয়ে মির্জাপুর হয়ে ঢাকার ধামরাই হয়ে ঢাকা যাওয়া সহজ। তাছাড়া মানিকগঞ্জের সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও ধামরাই উপজেলার মানুষও এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। স্থানীয়রা জানান, গত ঈদুল আজহার সময় ওই ব্রিজের কয়েক স্থানে ফাটল দেখা যায়। ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায় তা আস্তে আস্তে ভাঙনে পরিণত হয়ে গর্ত তৈরি হয়। এখন তিনদিন ধরে ব্রিজের মাঝখানে একটি বড় গর্ত এবং আরও ছোট ছোট খানাখন্দের সৃষ্টি হয়েছে।

ওই সড়কের মির্জাপুর উপজেলার গত রবিবার ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ঝুঁকি নিয়ে ওই জরাজীর্ণ ব্রিজের ওপর দিয়ে ছোট বড় যানবাহন চলছে। একটি যানবাহন ব্রিজের ওপর উঠলে অপর প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে।

মির্জাপুর উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পে এবং বিশ্বব্যাংকের ব্রিজ ব্যবস্থাপনা প্রকল্পে ব্রিজটির তথ্য দেওয়া হয়েছে। তাছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হিসেবেও দেখানো হয়েছে। দ্রুতই ব্যবস্থা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত