সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

সারা দেশে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৫১ এএম

দোয়া ও মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষাসামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে ক্ষমতাসীন দলটি। গতকাল সোমবার দলীয় সভাপতির জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশেই মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করে দলটি।

কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়াপূর্ব বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের আস্থার সোনালি দিগন্ত, প্রেরণার দীপ্যমান শিখা, আমাদের স্বপ্নময় অর্জনের কান্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৩তম জন্মবার্ষিকীতে আপনাকে জানাই এদেশের গণমানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা।

শেখ হাসিনার রাজনীতির ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পিতার পাঠশালায় রাজনীতির পাঠ নেওয়া কন্যা ইডেন কলেজের নির্বাচিত ভিপি হওয়ার মধ্য দিয়ে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে ধারাবাহিক পথপরিক্রমায় আজ হয়ে উঠেছেন পিতার ছায়া, আদর্শিক উত্তরাধিকার। এদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। স্বীকৃতি পেয়েছেন মাদার অব হিউম্যানিটির। এদেশে তার জনপ্রিয়তা এখন সবার শীর্ষে। তিনি জেগে আছেন বলেই নিশ্চিন্তে ঘুমায় বাংলাদেশ।

কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, অসীম কুমার উকিল, বিএম মোজাম্মেল, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আবদুস সোবহান গোলাপ, নজিবুল্লা হীরু, বিপ্লব বড়ুয়া, সায়েম খান প্রমুখ।

এদিকে রাজধানীর শ্যামলীর শিশুপল্লীতে দলের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি সেখানকার শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। উপকমিটির পক্ষ থেকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন শিশুপল্লীতে বৃক্ষরোপণ ও শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ করেন। এছাড়া উপকমিটির পক্ষ থেকে সারা দেশে ৭৪ হাজার গাছ লাগানো হয় জন্মদিন উপলক্ষে। এ সময় দেলোয়ার হোসেন শিশুদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের ভালোবাসেন। তার ভেতরের মনটি অত্যন্ত শিশুসুলভ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীতে গতকাল বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস চার্চে, ঢাকেশ্বরী মন্দিরে ও আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

ঢাকার বাইরেও নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। আমাদের ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরের বিস্তারিত-

গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা, কেক কাটা, বৃক্ষরোপণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ৭৪টি বৃক্ষরোপণ করে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে। গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের থিয়েটার রোডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়ায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও জন্মদিনের কেক কাটা হয়।

নীলফামারী : নীলফামারীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন, বিশুদ্ধ পানীয় জলের জন্য নলকূপ, শিক্ষাপ্রতিষ্ঠানে বই, শিক্ষা ও ক্রীড়া উপকরণ প্রদান করেছে সদর উপজেলা পরিষদ। গতকাল সোমবার বেলা ১২টায় ভিডিও কনফারেন্সে বক্তৃতা দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এদিন ৪৫ জন অসহায় নারীর কর্মসংস্থান সৃষ্টিতে ৪৫টি সেলাই মেশিন, বিশুদ্ধ পানীয় জলের জন্য ২২১টি নলকূপ, ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯০টি ফুটবল, ১০টি ক্রিকেট সেট, ১৬০টি ভলিবল, ৭০ সেট ব্যাটমিন্টন, ৪৭০টি বাংলা ও ইংরেজি অভিধান, ২৭০টি বৈদ্যুতিক পাখা, ২৬৬ জোড়া বেঞ্চ ও ছাত্রীদের ব্যবহারের জন্য ১ হাজার ৩৩৩ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

গাজীপুর : গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে গতকাল ভোগড়া এলাকায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনাসভা হয়। অনুষ্ঠানে কয়েকশ নারী-পুরুষের মাঝে রান্না করা খাবার, শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে পৌর মেয়র মাহমুদ পারভেজের উদ্যোগে ৭৪ পাউন্ডের বিশাল এক কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, বিলকিস বেগম, আনোয়ার হোসেন মোল্লা সুমন, ফয়েজ ওমান খান এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফরিদগঞ্জের চরদুখিয়া ইউনিয়নের ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগরের তত্ত্বাবধানে ৬ জন চিকিৎসক এতে অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়।

মাগুরা : মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, পঙ্কজ কুন্ডু, আবু নাসির বাবলু, মুন্সি রেজাউল হক, খুরশীদ হায়দার টুটুল, ফজলুর রহমান, শেখ সালাহউদ্দিন প্রমুখ। এর আগে সকাল ১০টায় জেলা ছাত্রলীগের আয়োজনে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে জাম ও জামরুলগাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

নড়াইল : নড়াইল ছাত্রলীগের আয়োজনে শহরের দুর্গাপুরের ডিপিওডি প্রতিবন্ধী কার্যালয়ে কেক কাটা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ৬০ জন প্রতিবন্ধীর মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। এছাড়া ৭৪টি বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাতীয় মহিলা সংস্থার ঠাকুরগাঁও জেলা শাখা। গতকাল হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা মোল্লা, নার্গিস আরা, সায়েদা সুলতানা প্রমুখ।

জয়পুরহাট : জয়পুরহাটে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ হাসিনার জন্মদিন। গতকাল জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল, গোলাম হক্কানী, মাসুদ রেজা, জাকারিয়া হোসেন, সাহাদত হোসেন সাগর, ছাব্বির হোসেনসহ অনেকে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক বাজারের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা, দোয়া ও কেক কেটে পালন করা হয় শেখ হাসিনার জন্মদিন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আবুল কাশেম ভুইয়া, সেলিম ভূইয়া, অ্যাড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, আব্দুল আলিম হেলাল, জামশেদ শাহ্, শাহবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।

নবাবগঞ্জ ও দোহার : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আব্দুল ওয়াছেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অন্যদিকে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের উদ্যোগে ও উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : দুই ভাগে বিভক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। এছাড়া উপজেলা জাতীয় পার্টি পৃথকভাবে দিনটি পালন করে। গতকাল সোনারগাঁ পৌরসভার উদ্ধবগঞ্জে আয়োজিত অনুষ্ঠানের একাংশের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল-কায়সার। অপরদিকে পিরোজপুর ইউনিয়নে আয়োজিত অপর অংশের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাড. সামসুল ইসলাম ভূইয়া। এছাড়া স্থানীয় জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে উপজেলা অডিটরিয়ামে পৃথকভাবে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়।

মোংলা (বাগেরহাট) : উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন আবু তাহের হাওলাদার, সুনীল কুমার বিশ্বাস, ইব্রাহিম হোসেন, শেখ রহমানসহ নেতাকর্মীরা। পরে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া অনুষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত