শেখ হাসিনার জন্মদিন

শিল্পকলায় মাসব্যাপী প্রদর্শনী শুরু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ‘উন্নয়নের কবি মানবতার মা’ শীর্ষক মাসব্যাপী প্রদর্শনী। প্রদর্শনীতে প্রধানমন্ত্রীকে নিয়ে ১৪টি চিত্রকর্ম এঁকেছেন ১৪ জন শিল্পী। অন্যদিকে রেখাচিত্রে জননী শীর্ষক আর্টক্যাম্পে শিল্পীরা এঁকেছেন প্রধানমন্ত্রীর অবয়বের ৪৩টি রেখাচিত্র। এ ছাড়া শিল্পকলা একাডেমির সংগ্রহে থাকা ১৩৪টি চিত্রকর্মও রয়েছে এ প্রদর্শনীতে।

গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উদ্বোধনী আলোচনার পর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সঞ্চালনা করেছেন নবনীতা চৌধুরী।

আগামী ২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনী পরিদর্শন করা যাবে। এ ছাড়া অনলাইনে ভার্চুয়াল গ্যালারির মাধ্যমেও প্রদর্শনী দেখা যাবে।

বাংলা একাডেমির আয়োজন : বাংলা একাডেমি গতকাল সোমবার আয়োজন করেছে ‘লেখক শেখ হাসিনা’ শীর্ষক সেমিনার। এ ছাড়া শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থের তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ‘লেখক শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। আবৃত্তি করেন আহ্কামউল্লাহ। সভাপতিত্ব করেন অধ্যাপক শামসুজ্জামান খান।

হাসুমণির পাঠশালার আয়োজন : জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে হাসুমণির পাঠশালার আয়োজনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে ‘শেখ হাসিনা ও স্বপ্ন, সংগ্রাম এবং সাধনা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী ও গোলটেবিল আলোচনা। উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ ছাড়া শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ অনেকে বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মশিউর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত