শুধু কভিড নয় সরকার আরও অনেক ভাইরাসে আক্রান্ত: নজরুল ইসলাম খান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৪ পিএম

শুধু কভিড-১৯ নয়, সরকার আরও অনেক ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তি‌নি বলেন, প্রতিটি ক্ষেত্রে যেভাবে দুর্নীতি-অনাচার ছড়িয়ে পড়েছে সেই ভাইরাস থেকে বাঁচার জন্য সরকারের লোকজনের উচিত দুর্নীতিবিরোধী একটি ভাইরাস প্রতিরোধকারী মাস্ক পরা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অব্যাহতি ও সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক ধর্ষণের ঘটনার প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন যোগ্য শিক্ষককে একটি নিবন্ধন লেখার অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে। আর একজন শিক্ষকের কথা আপনারা শুনেছেন, যিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছিলেন। যার জন্য শুধু চাকরি যায়নি, তিনি দেশেও থাকতে পারেননি। একইভাবে বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ তার গণতান্ত্রিক মতপ্রকাশে কারণে চাকরিচ্যুত কিংবা অন্যভাবে বিপদাপন্ন হয়েছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিসি তো তিনি, যিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সরকারের ভাষায় সন্ত্রাসী বলেছিলেন। তাদের কাছ থেকে সুবিচার আশা করার কোনও কারণ নেই। আইন ভঙ্গ করে অন্যায়ভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল তো অবশ্যই আমরা দাবি করব। আজকে যদি সেই দাবি বাস্তবায়িত না হয় ইনশা আল্লাহ আগামী দিনে হবে। কিন্তু আমাদের সমস্যা তো একটা নয়। আমরা অসংখ্য সমস্যায় জর্জরিত। আজ করোনার ভয়ে আমরা মাস্ক পরে থাকি। কিন্তু যারা সরকারে আছেন তাদের একটা নয় আরও বেশি মাস্ক পরা দরকার। কারণ তারা শুধু কোভিড-১৯ এ নয়, আরও অনেক ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে।

বিএনপির এ নীতিনির্ধারক বলেন, অতিসম্প্রতি নারী নির্যাতন যেভাবে মহামারি আকারে ছড়িয়ে পরেছে সেই নারী নির্যাতনের যে ভাইরাস সেটা থেকে বাঁচার জন্য এ সরকারের লোকজনের ৩ নম্বর মাস্ক পরা উচিত। এই মাস্ক পরলে ভাইরাস থেকে তারা কিছুটা বাঁচবেন আর লজ্জা থেকে বাঁচার জন্য মুখটা ঢেকে রাখতে পারবেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএফইউজে-এর সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত