আইপিএলে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হয়েছে আব্দুল সামাদ নামের এক তরুণের। ১৮ বছর বয়সী তারকা অভিষেকেই পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে অপরাজিত ১২ রান করেন। ৭ বলের ইনিংসে হাঁকান ১টি করে চার ও ছক্কা।
ঋদ্ধিমান সাহার পরিবর্তে হায়দরাবাদের একাদশে ঢোকা এই তরুণকে নিয়ে চলছে জোর আলোচনা। সবার একটাই প্রশ্ন, কে এই আব্দুল সামাদ? একেবারেই যে অপরিচিত তিনি।
পারভেজ রসুল, মঞ্জুর দার ও রসিক সালামের পর জম্মু-কাশ্মীরের চতুর্থ ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলছেন আব্দুল সামাদ। মূলত ব্যাটসম্যান হলেও পার্টটাইম বোলিংও করেন।
হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণকে সামাদের খোঁজ দেন তার ছেলেবেলার সতীর্থ মিলাপ মেওয়াদা। যিনি জম্মু-কাশ্মীরের কোচের ভূমিকা পালন করেছেন। গত ডিসেম্বরে ট্রায়ালে ডাকার জন্য লক্ষ্মণ ভালো কোনো তরুণ ক্রিকেটারের খোঁজ করেন মেওয়াদার কাছে। সামাদকে তিনিই পাঠান হায়দরাবাদের ট্রায়ালে।
২০১৮ সালে জেলা ক্রিকেটে সামাদকে ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত করেছিলেন মেওয়াদা ও ইরফান পাঠান। জম্মু-কাশ্মীরের হয়ে এখন পর্যন্ত ১০টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৫৯২ রান করেছেন সামাদ। সেঞ্চুরি করেছেন ২টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি।
৮টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমে ২৩৭ রান সংগ্রহ করেছেন আব্দুল সামাদ। ৩টি হাফ সেঞ্চুরি করেছেন। এ ছাড়া ১১টি টি-টোয়েন্টি ম্যাচে তার ঝুলিতে রয়েছে ২৪০ রান। ১টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
প্রথম শ্রেণির ম্যাচে ৪টি, লিস্ট-এ ম্যাচে ২টি এবং টি-টোয়েন্টি ম্যাচে ১টি উইকেট রয়েছে তার।
