ট্রলির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫ এএম

সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা-যশোর মহাসড়কের তজুলপুর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনসাতক্ষীরা শহরের বদ্দিপুর কলোনি এলাকার মোফাব্বর আলীর ছেলে রাকিবুর রহমান (২৪), শামসুর রহমানের ছেলে আসাদুল ইসলাম (২৯) এবং মুনজিতপুর এলাকার আমজেদ আলীর ছেলে মোখলেছুর (২৮)। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, মাটিবাহী ট্রলিটি সাতক্ষীরার দিকে আসছিল। অপরদিক থেকে তিনজন একটি মোটরসাইকেলে কলারোয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। তজুলপুর ইটভাটার সামনে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলে রাকিব ও মোখলেছুর মারা যান। গুরুতর আহত আসাদুলের মৃত্যু হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে।

ময়নাতদন্ত শেষে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ট্রলিটি জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত