তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৮ এএম

চট্টগ্রাম নগরীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা তরুণীকে ধর্ষণের মামলার মূল আসামি চান্দু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণের ঘটনায় এক তরুণীসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিএমপির উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হক জানান।

গতকাল মঙ্গলবার দুপুরে ডবলমুরিং থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তার চান্দু মিয়ার বাসা ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়ায়। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায়, ম্যানুয়াল সোর্স ও বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে গ্রেপ্তার করা হয়। চান্দু পতেঙ্গা এলাকায় তার খালার বাড়িতে আত্মগোপন করে ছিল। রাতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। চান্দুর নামে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সুপারিওয়ালা পাড়া এলাকায় গ্রেপ্তাররা চিহ্নিত সন্ত্রাসী। তাদের প্রকাশ্যে কোনো জীবিকা নেই। সন্ত্রাসী কার্যকলাপ ও এলাকায় আধিপত্য বিস্তার করাসহ চুরি, ছিনতাই, মারামারি করাই হলো পেশা।

এদিকে ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানিয়েছেন, মঙ্গলবার চান্দু কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত