রাজশাহীতে গির্জায় আটকে কিশোরীকে ধর্ষণ!

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:১৪ এএম

রাজশাহীর তানোরে গির্জায় আটকে রেখে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে ফাদারের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাধু মেরি গির্জা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ফাদার প্রদীপ গ্রেগরির (৫০) বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা হয়েছে। নির্যাতিতার স্বজনদের দাবি, গত শনিবার সকালে মাঠে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয় ওই কিশোরী। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে রবিবার তানোর থানায় একটি জিডি করেন তারা। পরদিন (সোমবার) গির্জার ফাদার প্রদীপের ভবনের ছাদে ওই কিশোরীকে দেখতে পায় স্থানীয়রা।

কিশোরীর ভাই জানান, তার বোনকে উদ্ধার করতে গেলে প্রদীপ ও তার অনুসারীরা বাধা দেন। তখন রাজশাহীর জেলা ধর্ম প্রদেশের ইনচার্জকে বিষয়টি মোবাইলে অবহিত করলে তিনজন প্রতিনিধি পাঠান তিনি। এরপর গির্জায় একটি সালিশ বৈঠক বসানো হয়। বৈঠকে নানা ভয়ভীতি দেখিয়ে আপসের নামে জিডি প্রত্যাহারের কথা বলা হয়। পাশাপাশি কিশোরীর লেখাপড়া ও ভরণ-পোষণসহ বিয়ের আগ পর্যন্ত যাবতীয় খরচ বহন করার আশ্বাস দেওয়া হয়। বৈঠকে রাজশাহী জেলা ধর্ম প্রদেশের তিন প্রতিনিধি ছাড়াও স্থানীয় দুই গ্রামপ্রধান, পারগানা পরিষদ সভাপতি ও স্কুলশিক্ষকসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

কিশোরীর ভাই বলেন, ‘বৈঠকে ফাদারের পক্ষে রায় দেন সবাই। এ সময় পারগানা পরিষদের সভাপতি কামেল মার্ডি বলেন, তরুণীর ভবিষ্যতের কথা চিন্তা করে আপস করা হয়েছে।’

গির্জার বর্তমান সহকারী ইনচার্জ ফাদার প্যাট্রিক গমেজ জানান, ঘটনার পর ফাদার প্রদীপকে মুন্ডুমালা গির্জা হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ফাদার প্রদীপ গ্রেগরির সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তানোর থানার ওসি রাকিবুল হাসান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত