এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ

দায় কার নির্ধারণে তদন্ত কমিটি গঠন হাইকোর্টের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:১৮ এএম

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার দায় নিরূপণে তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এজন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করে দিয়েছে হাইকোর্ট। ধর্ষণের ওই ঘটনায় গণমাধ্যমে আসা প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে এ নিয়ে প্রয়োজনীয় আদেশের আরজি জানানোর পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ আসে। বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মো. মিসবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, মুখ্য মহানগর হাকিম ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসককে (সাধারণ) হাইকোর্ট গঠিত কমিটিতে রাখা হয়েছে। আদেশের দিন (গতকাল) থেকে আগামী ১৫ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে।

আইনজীবী মিসবাহ জানান, নির্যাতনের শিকার তরুণীকে রক্ষায় এবং অছাত্রদের কলেজ হোস্টেলে অবস্থান নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতায় কলেজ অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, এমসি কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ১৮ আক্টোবর পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট।

কয়েকজন ‘ছাত্রলীগকর্মী’ গত শুক্রবার এমসি কলেজের প্রধান ফটক থেকে সিলেটের দক্ষিণ সুরমার এক নবদম্পতিকে ধরে ছাত্রাবাসে নিয়ে যায়। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তারা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন নির্যাতিতার স্বামী। ইতিমধ্যে মামলার বেশ কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত