করোনাভাইরাসের কারণে বাংলাদেশের বিপক্ষে থেমে থাকা দুই ম্যাচের টেস্ট সিরিজের সিরিজের দ্বিতীয় ম্যাচটি এ বছর আর সম্ভব হবে না বলে বিসিবিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জিও সুপার। তাতে বলা হয়েছে, আগামী মৌসুমের যেকোনো ফাঁকা সময়ে সিরিজটি সম্পন্ন করতে চাইছে পিসিবি।
গত ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ইনিংস ও ৪৪ রানে হেরে দেশে চলে আসে বাংলাদেশ দল। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ- ২০২০ শেষে দ্বিতীয় টেস্ট খেলতে এপ্রিলে ফের দেশটিতে সফরে যাওয়ার কথা ছিল মুমিনুল হকদের। এর মধ্যে করোনাভাইরাস মহামারি শুরু হলে তা আর সম্ভব হয়নি।
বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সিরিজটি সম্পন্নের বাধ্যবাধকতাও রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
কিন্তু পিসিবি বিসিবিকে জানিয়ে দিয়েছে, ২০২০-২০২১ মৌসুমে সিরিজের বাকি টেস্টটি সম্ভব হবে না। একাধিক সূত্র থেকে জিও সুপার জানতে পেরেছে, ২০২১-২০২২ মৌসুমের কোনো একটা সময় টেস্টটি আয়োজন করা করতে চায় তারা।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে রাখতে পারায় বুধবার থেকে শুরু হয়েছে পাকিস্তানে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মৌসুম। আগামী মাসে জিম্বাবুয়েকে আতিথ্য দেবে তারা।
অন্যদিকে বাংলাদেশ এখনো ক্রিকেট শুরু করতে পারেনি। আগামী মাসে (অক্টোবর) জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে তিনটি সাদা পোশাকের প্রস্তুতি ম্যাচ খেলবেন। এরপর জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট অথবা কর্পোরেট লিগ দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশে ক্রিকেট ফেরানোর চিন্তা করছে বিসিবি।
