ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৯ পিএম

আরেক দফা অপেক্ষা আরো বাড়ল সেরেনা উইলিয়ামসের। চোটের কারণে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা আরও বাড়ল ৩৯ বছর বয়সী তারকার।

স্বেতানা পিরঙ্কোভার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ঠিক আগে লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন মার্কিন তারকা। সরে দাঁড়ানোর পর সংবাদ সম্মেলনে বলেন, ‘ঠিকমতো হাঁটতেই পারছি না। মনে হচ্ছে বুঝি এবার খোঁড়াতে হবে।’

রোলাঁ গারোয় প্রথম রাউন্ডের লড়াইয়ের সময় পুরনো চোটের জায়গাতেই পুনরায় আঘাত লাগে সেরেনার। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে অনুশীলনের সময় রীতিমতো যন্ত্রণা অনুভব করেন তিনি। তাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আসরের তিনবারের চ্যাম্পিয়ন।

২৩টি মেজর জয়ী সেরেনা গত সোমবার ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে স্বদেশি ক্রিস্টি অ্যানকে ৭-৬ (৭/২), ৬-০ সেটে পরাজিত করেন ।

চোট শঙ্কা নিয়েই অবশ্য আসর শুরু করেছিলেন সেরেনা। ইউএস ওপেনের সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে লড়াইয়ের সময়ই চোট পেয়েছিলেন। ফরাসি ওপেনের আগে চোট সারিয়ে ওঠার মতো পর্যাপ্ত সময় হাতে ছিল না তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত