‘অপরাধী’ গান দিয়ে তুমুল আলোচিত হওয়া শিল্পী আরমান আলিফ। এরপর ‘নেশা’ সহ আরও বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার তিনি প্রকাশ করলেন নতুন গান। তার নতুন গানের শিরোনাম ‘জান’। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর করেছেন বেলাল খান ও সংগীতায়োজন শাহরিয়ার রাফাত। গানটি ভিডিওসহ বুধবার ড্রিম ক্যান্টিনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির ভিডিওতে পারফর্ম করেছেন শান, শৌমি ও নোমান। নান্দনিক ভিডিওটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। নতুন এ গান প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ইতিপূর্বে আমার যে গানগুলো প্রকাশ পেয়েছে এ গানটি তেমন নয়। একেবারে ভিন্ন একটি স্বাদ পাবেন সবাই। গানটির কথাগুলো আমার বেশ ভালো লেগেছে। একই সঙ্গে সুর ও মিউজিকও দারুণ। আশা করি গানটি সবার ভালো লাগবে। শুরু থেকে ড্রিম ক্যান্টিন একের পর মানসম্পন্ন গান প্রকাশ করে আছে। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হলো আরমান আলিফের গানটিও। ড্রিম ক্যান্টিন নতুন প্রযোজনা সংস্থা হলেও এতে কনটেন্টের ক্ষেত্রে মানের দিক বিবেচনা করে ভবিষ্যতে আরও ভালো ভালো মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব সিরিজ প্রকাশ করবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার সজল বিশ্বাস।
×
