দ্বিমুখী বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ নাইজেরিয়া

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১২:২৭ এএম

বাংলাদেশ ও নাইজেরিয়া দ্বিমুখী বিনিয়োগ ও বাজারে প্রবেশ সুবিধা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। নাইজেরিয়ান অ্যাসোসিয়েশন অব চেম্বারস অব কমার্স, ইন্ডাস্ট্রি, মাইনস অ্যান্ড অ্যাগ্রিকালচারের (এনএসিসিআইএমএ) সঙ্গে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সমঝোতা স্মারক স্বাক্ষরকালে এ আগ্রহের কথা জানান দুই দেশের ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি এফবিসিসিআইয়ের উদ্যোগে আয়োজিত ক্লাউড সম্মেলনে বেসরকারি খাতের সংস্থা দুটি চুক্তি স্বাক্ষরের পাশাপাশি দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ-সুবিধাও তুলে ধরা হয়।

বেসরকারি খাতের সংস্থাটির উদ্যোগে আয়োজিত ‘বাইল্যাটেরাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইন দ্য অনগোয়িং গ্লোবাল প্যানডেমিক অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, উপদেষ্টা মো. আবদুল হান্নান, এনএসিসিআইএমএ’র জাতীয় সভাপতি হাজিয়া সারাতু আইয়া-আলিয়ু, জাতীয় সহসভাপতি জনি ইব্রাহিম, মহাপরিচালক ও রাষ্ট্রদূত আইওলা ওলুকানি প্রমুখ অংশ নেন।

দ্বিপক্ষীয় বাণিজ্যের কথা তুলে ধরে এফবিসিসিআই সভাপতি বলেন, ২০১৯-২০ অর্থবছরে ১৪ কোটি ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে। বাণিজ্যের উন্নতি ঘটাতে জ্বালানি, তেল ও পেট্রোলিয়াম পণ্য, কোকো উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি খাতে দ্বিপক্ষীয় ভ্যালু চেইন উদ্যোগ নেওয়া যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত