গণফোরামের কাউন্সিল

কাল প্রস্তুতি সভা ডেকেছে বিদ্রোহীরা

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০১:৫৯ এএম

কাউন্সিল সফল করতে আগামীকাল শনিবার আরামবাগের ইডেন কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা ডেকেছেন গণফোরামের বিদ্রোহী অংশের নেতারা। গতকাল বৃহস্পতিবার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মোস্তফা মহসীন মন্টু এবং সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, গণফোরামের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। কাউন্সিল সফল করার জন্য ইতিমধ্যে ২০১ সদস্যবিশিষ্ট জাতীয় কাউন্সিল প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। প্রস্তুতি পরিষদের প্রথম সভা ৩ অক্টোবর সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয় ইডেন কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

ড. কামাল হোসেন কেন্দ্রীয় কার্যালয়ে সভা করতে দেবেন কি না জানতে চাইলে সুব্রত চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘তারা তো কেউ কার্যালয়ে আসেন না। করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে আমরা কার্যালয়ে বসছি। সাংগঠনিক কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘সভাপতি ড. কামাল হোসেন তার বেইলি রোডের বাসভবন ও মতিঝিলের আইনি চেম্বারে বসেন। অন্যদিকে রেজা কিবরিয়া বসেন তার গুলশানের বাসভবনে।’ 

দলীয় কার্যালয়ে সভা ডাকার বিষয়ে জানতে চাইলে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘আরামবাগের ইডেন কমপ্লেক্সের অফিস আমরা ছেড়ে দিয়েছি। আমরা নতুন কার্যালয় খুঁজছি।’

গত ২৬ সেপ্টেম্বর গণফোরামের বিদ্রোহী নেতারা জাতীয় প্রেস ক্লাবে বর্ধিত সভা ডাকেন। সভা শেষে আগামী ২৬ ডিসেম্বর কাউন্সিল করার সিদ্ধান্ত হয়। বর্ধিত সভা ও কাউন্সিল করার বিষয়ে ইতিপূর্বে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘এ ধরনের বর্ধিত সভা ও কাউন্সিল করার বৈধতা তাদের নেই।’ রেজা কিবরিয়া আরও বলেন, ‘কতিপয় লোক এসব করছেন। এতে দলের কোনো ক্ষতি হবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত