সাভারে ঘরে ঢুকে এক গৃহবধূকে (২৪) দল বেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সাভারের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আগের রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলো মহিদুল মণ্ডল (৪০), তরিকুল ইসলাম (২৪) ও মোজাহারুল (২৫)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভাগলপুর সিরামিকস বাজার রোড এলাকার মাহাবুবের বাড়ির একই কক্ষের ভাড়াটিয়া ভুক্তভোগী ওই গৃহবধূ। তবে তার স্বামী কিছুদিন আগে গ্রামের বাড়ি নওগাঁ চলে যান। গার্মেন্টে চাকরি খুঁজছিলেন ওই গৃহবধূ। বেশ কিছুদিন ধরে পাশের কক্ষের ভাড়াটিয়া মহিদুল তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি ও হুমকি দেয় সে। গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে ভুক্তভোগী ও তার সঙ্গে থাকা আরেক নারী ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ওই নারী কক্ষের বাইরে থাকা বাথরুমে যান। এ সুযোগে মহিদুল, তরিকুল, মোজাহারুল, বাসুদেব, মুক্তার ও আলম হাত-পা ও মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ধর্ষণের কথা স্বীকার করেছে। তারা আদালতে স্বীকারোক্তি দিতে সম্মত হয়েছে। ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে জানিয়ে সাইফুল বলেন, পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।
এদিকে সাভারের হেমায়েতপুর যাদুরচর এলাকায় এক নারী শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী সাভার মডেল থানায় আল-আহসান মুজাহিদুল ইসলাম ওরফে ওশান (২৬) নামে ওই যুবকের নামে মামলা করেছেন। ওশান লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের আইয়ুব আলী মাস্টারের ছেলে।
